নিজের শরীরকে চিনুন,
কথা বলতে শিখুন।
AwareHer তৈরি হয়েছে যেন ব্রেস্ট হেলথ এমন কোনো বিষয় না হয় যা কেবল অসুস্থ হলে জানতে হয়—এবং এটি যেন কখনো কোনো সংকোচ বা ভয়ের কারণ না হয়। MOURI-এর উদ্যোগে ব্রেস্ট স্বাস্থ্যকে সহজ ভাষায় বুঝিয়ে বলা এবং সময়মতো সঠিক পদক্ষেপ নিতে উৎসাহিত করাই আমাদের মূল অঙ্গীকার।

আমরা কী করি ও আমাদের মিশন
রূপচর্চার বাইরেও নারীর সুস্থতার পাশে থাকা
MOURI প্রতিদিন হাজারো নারীর দৈনন্দিন রূপচর্চা ও আত্মবিশ্বাসের সঙ্গী। কিন্তু একজন চিকিৎসকের চোখ দিয়ে দেখলে বোঝা যায় - ত্বকের বাহ্যিক সুরক্ষার চেয়েও নারীর জীবনের সুস্থতা অনেক বেশি মৌলিক ও জরুরি। সেই গভীর উপলব্ধি ও দায়বদ্ধতা থেকেই জন্ম নিয়েছে ‘AwareHer’।
MOURI-এর প্রতিষ্ঠাতা ডা. ফাহমিদা জামান মৌরী নিজে একজন চিকিৎসক হওয়ায় খুব কাছ থেকে একটি কঠিন বাস্তবতা দেখেছেন - আমাদের দেশের নারীরা নিজেদের ত্বকের যত্ন নিতে যতটা সচেতন, শরীরের ভেতরের কোনো অস্বাভাবিক পরিবর্তন বা স্তন স্বাস্থ্য নিয়ে কথা বলতে ঠিক ততটাই দ্বিধা ও সংকোচ বোধ করেন।
প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এই রোগটি বেশিরভাগ ক্ষেত্রেই নিরাময়যোগ্য। কিন্তু লজ্জা, সামাজিক দ্বিধা এবং সঠিক নির্দেশনার অভাবে অনেকেই চিকিৎসকের কাছে পৌঁছাতে অনেক দেরি করে ফেলেন। শুধু সঠিক তথ্যের অভাব আর ভয়ের কারণে কোনো জীবন ঝুঁকির মুখে পড়বে - একজন চিকিৎসক এবং সচেতন নারী হিসেবে এটি মেনে নেওয়া কঠিন।
আমরা মনে করি, যে ব্র্যান্ডটি প্রতিদিন লাখো নারীর বিশ্বাস অর্জন করেছে, তার কাজ কেবল পণ্য বিক্রিতে সীমাবদ্ধ থাকতে পারে না। সেই প্ল্যাটফর্ম ও কমিউনিটিকে নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গায় সাহস জোগাতে কাজে লাগানোই আমাদের দায়িত্ব।
সেই উদ্দেশ্যেই MOURI তৈরি করেছে AwareHer। এটি কোনো সাময়িক ক্যাম্পেইন নয়; এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যম, যেখানে নারীরা কোনো ভয় বা লজ্জা ছাড়া নিজের শারীরিক পরিবর্তনগুলো বুঝতে পারবেন, সঠিক দিকনির্দেশনা পাবেন এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি স্ক্রিনিং সহায়তার পথ খুঁজে পাবেন।
একজন নারীর আসল আত্মবিশ্বাস শুরু হয় তার সুস্থ শরীর থেকে। আমরা চাই প্রতিটি নারী নিজের শরীরকে চিনুন, সংকোচ ভেঙে কথা বলুন এবং সময়মতো নিজের সুরক্ষার দায়িত্ব নিন।
